স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্যে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে “শায়খুল ইসলাম কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা, জমিয়তে উলামার সাবেক সভাপতি, শায়খুল আরবে ওয়াল আজম, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ.)-এর স্মরণে আয়োজিত এই কনফারেন্সটি অনুষ্ঠিত হয় গত ১৬ সেপ্টেম্বর (রবিবার) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের বিশাল মিলনায়তনে।
সভায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক উলামায়ে কেরাম ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রধান অতিথি ও সভাপতিত্ব
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মাদানী পরিবারের স্বনামধন্য ব্যক্তিত্ব মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ।
সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা শামছুল আলম কিয়ামপুরী।
বিশেষ অতিথি ও বক্তারা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা মাওলানা শায়খ তহুর উদ্দীন, ব্রাডফোর্ডের স্বনামধন্য আলেম মুফতি শায়খ সাইফুল ইসলাম, মুফতি আব্দুর রহমান মানগেরা, লুটন থেকে আগত জমিয়তের সহসভাপতি মুফতি মুহাম্মদ সাদিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মুনতাকিম।
সভায় আরও বক্তব্য দেন কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা সামছুল হক, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা শায়খ তরিক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা জমসেদ আলী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা নাজির উদ্দিনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যের মূল সারাংশ
মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী বলেন, “কেবল বংশগত সূত্রে কোনো মহান ব্যক্তিত্বের সন্তান হওয়াই বিশেষত্বের কারণ নয়। আদর্শ, কর্ম ও মিশন বাস্তবায়নই আসল বিষয়। যারা রুহানী সন্তান হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে পারে, সফলতা কেবল তারাই অর্জন করতে পারে।”
তিনি আরও বলেন, হযরত মাদানী (রাহ.)-কে বুঝতে হলে আগে হযরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান (রাহ.)-কে অনুধাবন করতে হবে। হযরত মাদানীর অসংখ্য কারামত থাকলেও তাঁর অসাধারণ চারিত্রিক গুণাবলীই মুসলমানদের জন্য অনুকরণীয়।
বিশেষ অতিথিদের বক্তব্য
মাওলানা শায়খ আসগর হোসেন বলেন, হযরত মাদানীর জীবনে রাজনীতি ও তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য ছিল না; তিনি আমাদের জন্য উত্তম আখলাকের দৃষ্টান্ত রেখে গেছেন।
মূল প্রবন্ধে মুফতি আব্দুল মুনতাকিম বলেন, হযরত মাদানীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, চারিত্রিক ও ইলমি “মাকাম” এত উঁচু ছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁর অল্পদিনের সংস্পর্শে আসা মানুষদের মাধ্যমেই লক্ষ লক্ষ মুসলমান হেদায়েতপ্রাপ্ত হয়েছে এবং শত শত মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে।
দোয়া ও সমাপ্তি
সভাপতির বক্তব্যে মাওলানা শুয়াইব আহমদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পরিশেষে বিশিষ্ট আলেম শায়খ নূরুল ইসলাম বিশ্বনাথীর বিশেষ মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হয়।
