জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমাদের আকাবীরগন সর্বদা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছেন।
৪৭এ আমাদের লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ৭১ এ পশ্চিম পাকিস্তানি কতৃত্ববাদী হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং ২৪ শে ভারতীয় কর্তৃত্ববাদ ও জালিম আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমরা সব সময় সকল কতৃত্ববাদের বিরুদ্ধে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ ।
ভারতীয় কর্তৃত্ববাদ থেকে বের হওয়ার জন্য আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তারা অন্য কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল কতৃত্ববাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। একটি দেশের আধিপত্য বিস্তার স্তব্ধ করে অন্য কোন দেশের কর্তৃত্ব মেনে নেওয়ার অর্থ ২৪ এর গণহত্যায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা তা কখনো করতে পারি না। জমিয়ত সদা সর্বদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব,ইসলামের হেফাজত এবং আদর্শের ক্ষেত্রে অনড় ও অবিচল রয়েছে।
বুধবার (৩০ জুলাই)জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে আয়োজিত শাপলা চত্বর ও ২৪ এর গণহত্যায় শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি মাওলানা সলিমুল্লাহ খান হানাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী,সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামিন, নির্বাহী সদস্য মাওলানা নাসির বিন নূর প্রমূখ।
সম্মেলনে মাওলানা সলিমুল্লাহ খান হানাফীকে সভাপতি, মাওলানা মাকসুদুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওলানা কুরবান আলী বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট থানা কমিটি পুনর্গঠন করা হয়।
