হাটহাজারীতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা
হাটহাজারী, চট্টগ্রাম | ১১ সেপ্টেম্বর
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর, হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস ও প্রখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে হাটহাজারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হাটহাজারী ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী। আয়োজন করে ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) স্মারক প্রকাশনা পরিষদ’। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বক্তারা বাবুনগরীর পারিবারিক পটভূমি, শিক্ষা, হাদিসশাস্ত্রে অবদান, হাটহাজারীতে দীর্ঘ কর্মজীবন, ধর্মীয় ইস্যুতে আপোষহীনতা ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি বলেন, “আল্লামা বাবুনগরী ছিলেন মুসলিম উম্মাহর দুর্দিনের রাহবার। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন এবং ইসলামের স্বার্থে কোনো আপোষ করেননি।”
সভাপতির বক্তব্যে আল্লামা খলিল আহমদ কাসেমী বলেন, “তিনি ছিলেন ইসলামের বিশুদ্ধ চিন্তা-চেতনার একজন মধ্যপন্থী আলেম। সাদাসিধে জীবনযাপন, হাদিসশাস্ত্রের খেদমত ও দ্বীনের প্রচার ছিল তাঁর জীবনের মিশন।”
প্রধান আলোচক আল্লামা মামুনুল হক বলেন, “আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন স্বর্ণযুগের আলেমদের প্রতিচ্ছবি। তিনি ইসলামের সংস্কার, গোমরাহ ফিরকার মোকাবেলা এবং আমরণ সংগ্রামের প্রতীক ছিলেন।”
এছাড়া দেশের বিভিন্ন মাদরাসা ও সংগঠনের শতাধিক আলেম, মুফতী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন।
