সুনামগঞ্জ প্রতিনিধি:
“ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিশ্বস্ত ব্যক্তিদের জাতীয় সংসদে পাঠাতে হবে”— এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আফেন্দী বলেন, “গৌরবগাঁথা ইতিহাস ধারণ করে আমরা রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে জমিয়তের দীর্ঘ পথচলা। সেই পথচলাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে যুগে যুগে জমিয়ত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।”
এর আগে তিনি জমিয়ত নেতা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর কবর জিয়ারত, পরিবারের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করেন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের। সেখানে কোনো গাফলতি ইনসাফের দৃষ্টিতে অপরাধ।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। প্রধান বক্তা ছিলেন প্রার্থী প্রিন্সিপাল মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী।
জমিয়তের নেতারা বলেন, ইসলামের নামে রাজনীতি করে যারা দ্বীনকে বিকৃতভাবে উপস্থাপন করছে তাদেরকে দেশবাসী গ্রহণ করবে না। আগামী নির্বাচনে খেজুর গাছে ভোট দিয়ে মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
সম্মেলনে সুনামগঞ্জ সদর পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পৌরসভার সভাপতি মাওলানা রুকন উদ্দীন ও মাওলানা আবুল কাসেম সাইদ।
প্রধান বক্তা মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী বলেন, “আমি বিলেত থেকে এসেছি জনগণের পাশে দাঁড়াতে। নির্বাচিত হলে ঘোষিত দশ দফা বাস্তবায়ন করে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলব।”
