ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টে ১ অক্টোবর বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে টাওয়ার হামলেট শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক।
বৈঠকে নেতৃবৃন্দ সমাজ, পরিবার ও রাষ্ট্রে ইনসাফের অভাব ও এর ফলে সৃষ্ট অশান্তি, বিশৃঙ্খলা ও অব্যবস্থার বিষয় আলোচনা করেন। তারা বলেন, মানুষের মধ্যে আস্থা নষ্ট হচ্ছে, পরিবার ভেঙে পড়ছে এবং সমাজে অবিচার বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, নিজেদের জীবন ও কর্মক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে অগ্রগতির পথ খোলা সম্ভব।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আল্লাহ কুরআনে সুস্পষ্টভাবে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। কিন্তু বাস্তবে বিশ্বব্যাপী এটি প্রায় উপেক্ষিত হচ্ছে। যুদ্ধ, উচ্ছেদ এবং নিপীড়নের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। বক্তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার সূচনা শুরু হতে হবে নিজ নিজ জীবন থেকে। পরিবার, প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা প্রত্যেকের দায়িত্ব।
বৈঠকে বক্তারা আলোকপাত করেন, ইসলাম ইনসাফ ও ইহসানের শিক্ষায় বিশ্বাসী। আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করলে সমাজ, রাষ্ট্র এবং বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। খেলাফতে রাশেদার আদর্শ বাস্তবায়িত হয় কথায় নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে।
গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে টাওয়ার হামলেট শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস, এবং সার্বিক পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশের সহকারী সেক্রেটারি মুফতি আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী এবং লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান। এছাড়াও অন্য নেতৃবৃন্দরা তাদের মূল্যবান অভিমত প্রকাশ করেন।
