ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়েছে। ইসলামী রাজনীতির অবস্থান শক্তিশালী করতে হলে সমমনা ইসলামী দলসমূহের নির্বাচনী ঐক্য গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জমিয়ত কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।
মাওলানা ইউসুফী বলেন,
> “জমিয়তের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে গণসংযোগ ও দাওয়াতি প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামপন্থী দলসমূহের মাঝে ঐক্য হলে সংসদে ইসলামী শক্তির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে উভয়পক্ষই উপকৃত হবে।
জমিয়তের অবস্থান তুলে ধরে তিনি বলেন,
> “জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষ আলেমরা ঐক্যের পথনির্দেশনা দিয়ে গেছেন। আমরা সেই পথে চললে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য অটুট হবে।”
