ঢাকা, ২১ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক):
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে আমি মনে করব নির্বাচন কমিশন নির্বাচনের যোগ্যতা হারাবে। এটা আমার বিবেচনা।”
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো উদাহরণ আছে কি না— কোনো রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন প্রতীক দিয়েছে, সেটা বলা কঠিন। কোনো দল চাইছে আমি এই প্রতীক চাই, আর কমিশন সেটি দিচ্ছে— এটা কি নিয়মে আছে?”
তিনি বলেন, “নির্বাচন কমিশন সাধারণত বলে— এগুলো প্রতীক হিসেবে আছে, আপনি এর মধ্যে থেকে একটি বেছে নিন। কিন্তু এনসিপি বলছে, এটা নেব না, এটা ছাড়া করব না, এটা ছাড়া নিবন্ধন নেব না। এরকম জেদি অবস্থানের কোনো নজির আমার মনে পড়ে না। তারপরও যদি তারা শাপলা পায়, তাহলে বুঝতে হবে এটা বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে, আর বিশেষ বিবেচনায় কিছু পাওয়া মানে রাজনৈতিক ক্ষতি।”
রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, “প্রতীক কোনো ইস্যু না, প্রতীক কোনো ফ্যাক্টর না। মূল প্রশ্ন হলো— আপনি জনগণের কাছে কতটুকু পৌঁছাতে পারছেন। এনসিপিকে নিয়ে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। আমারও ব্যক্তিগতভাবে আশা ছিল, তারা হয়তো একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে।”
তিনি আরও বলেন, “কিন্তু দলের কয়েকজন নেতা তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে পুরো দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবুও এনসিপির ঘুরে দাঁড়ানোর সময় এখনো আছে। নতুন দল, তরুণ নেতৃত্ব— এটা তাদের প্রথম নির্বাচন। বিশাল কিছু করে ফেলতে হবে এমন নয়। সময় নিয়ে এগোলে আমি বিশ্বাস করি, এনসিপি ভবিষ্যতে ভালো করবে।”
