কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার মূলাগুল কান্দলা নয়াবাজারে স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে সোমবার এক বর্ণাঢ্য সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত শতাধিক মুরব্বী, যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীর যোগদানে প্রাণবন্ত এ সভায় জমিয়তের ইতিহাস, আদর্শ ও জাতীয় রাজনীতিতে ইসলামী ভূমিকা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক বাজার সেক্রেটারি আলহাজ্ব মানিক উদ্দিন সাহেব এবং পরিচালনা করেন মাওলানা আব্দুশ শাকুর সাদিক।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল খালিক, মুফতী আহমদ আলী, হাফিজ মাওলানা বিলাল আহমদ, হাফিজ মাওলানা হাসান আহমদ, ও হাফিজ লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম দেশের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন, যা সব সময় ইসলাম, দেশ ও জাতির কল্যাণে আপোষহীন ভূমিকা পালন করে আসছে।” তাঁরা আরও বলেন, “দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজের নেতৃত্বে পরিচালিত এই সংগঠনকে সাধারণ মানুষের কাছে ইসলামের শান্তির বার্তা নিয়ে উপস্থাপন করতে হবে।”
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-৫ আসনে শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুবাল্লিগ মাওলানা কবির আহমদ সাহেব।
সভায় নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং জমিয়তের সাংগঠনিক লক্ষ্য ও আদর্শ বিষয়ে তাঁদের দিকনির্দেশনা দেওয়া হয়।
