শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি, আমিরুল হিন্দ ক্বারী ওসমান মনসুরপুরী (রহ.)-এর প্রিয়পুত্র, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতি সালমান মনসুরপুরী সাহেবের ছোট ভাই হযরত মাওলানা মুফতি আফফান মনসুরপুরী সাহেবকে উত্তর প্রদেশ রাজ্য জমিয়তের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। ইসলামি শিক্ষা, সমাজসেবা ও তরুণ আলেমদের প্রশিক্ষণে তাঁর অবদান এবং সংগঠন পরিচালনায় অভিজ্ঞতার জন্যই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
মুফতি আফফান মনসুরপুরী দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের বিভিন্ন কর্মকাণ্ড ও সামাজিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। তিনি জামিয়তের নানাবিধ দ্বীনি ও কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলামী শিক্ষা প্রসারে কাজ করছেন।
রাজ্য জমিয়তের নবনির্বাচিত সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর মুফতি আফফান মনসুরপুরী সাংবাদিকদের বলেন, “আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। আমরা ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”
জমিয়তের নেতৃবৃন্দ, ইসলামি শিক্ষাবিদ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর মেয়াদকালে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
