বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামি দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাও. শায়েখ মহিবুল্লাহ বাবুনগরী।
সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সেখানে হেফাজতের আমির বলেন, “জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। সবধরনের ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামায়াতে ইসলামী। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট।
“জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।”
তিনি বলেন, “তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।”
হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।
