ঢাকা, ২১ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক):
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে আমরা মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই দেখে এসেছি।”
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াত যদি মনে করে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে, তবে তারা ভুল ভাবছে। অতীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ পুনরায় প্রাসঙ্গিকতা ফিরে পাবে। দেশ-বিদেশের অনেক শক্তি তখন দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। এভাবেই আওয়ামী লীগ নিজেদের অবস্থান পুনর্গঠন করবে।”
সামান্তা শারমিন বলেন, “সিভিল সোসাইটিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকেই এখনো সক্রিয়। আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, সেটি নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে, যাতে সেই ভোট নিজেদের দিকে নেয়া যায়।”
এনসিপি নেত্রী বলেন, “জামায়াত ও আওয়ামী লীগের রাষ্ট্রকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আমাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এ কারণে এনসিপি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই সমঝোতা করতে বাধ্য নয়। আমরা হয় নিজেদের জোট গঠন করব, নতুবা নিজেদের সক্ষমতা এই নির্বাচনে পরখ করে দেখতে চাই।”
