ঢাকা, ৪ অক্টোবর (শনিবার):
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জুলাই সনদের বাস্তবায়ন। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে—এমন প্রত্যাশা করছি।”
শনিবার রাজধানীর পুরানা পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে খেলাফত মজলিসের উদ্যোগে ঢাকা বিভাগের নির্বাচিত সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। যারা জুলাই সনদের আন্দোলনে নেই, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক বোঝাপড়া হতে পারে না। আবার যারা এর বাস্তবায়নের পথে অন্তরায় হবে, তাদের সঙ্গেও কোনো ঐক্য সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ যদি অবিলম্বে বাস্তবায়ন না হয়, তবে তা শুধু একটি কাগজের দলিল হিসেবেই থেকে যাবে। ভবিষ্যতের কোনো সরকার এটি বাস্তবায়ন করবে এমন নিশ্চয়তা নেই। সুতরাং জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে এখনই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।”
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মাঠে থেকে আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোই আমাদের দায়িত্ব। আমাদের টার্গেটভিত্তিক কাজ করতে হবে। খেলাফত মজলিস দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে—একটি দীর্ঘমেয়াদি, অন্যটি স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আর স্বল্পমেয়াদে লক্ষ্য যোগ্য নেতৃত্ব ও সুশৃঙ্খল কর্মীবাহিনী গড়ে তোলা।”
মাওলানা মামুনুল হক সংগঠনের ঘোষিত জুলাই সনদ ও পাঁচ দফা দাবি সাধারণ মানুষের ভাষায় উপস্থাপনের আহ্বান জানিয়ে বলেন, “এই দাবিগুলো কোনো দলীয় বা রাজনৈতিক স্বার্থের জন্য নয়; বরং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে।”
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। এতে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ স্তরের জনশক্তি ‘নকীব’ হিসেবে কয়েকজনকে শপথ পাঠ করান আমীরে মজলিস মাওলানা মামুনুল হক।
