ডাকসু নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা জমিয়তের
ঢাকা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বহুদিন পর আগামীকাল (৯ সেপ্টেম্বর) দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন যেন স্বচ্ছ, সুন্দর এবং গ্রহণযোগ্য হয়। এটাই দেশের মানুষের প্রত্যাশা, এবং আমরা ও সেটি প্রত্যাশা করি।
মাওলানা ফারুক বলেন, নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরির পথ প্রশস্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জনমনে আর কোনো অস্থিরতা থাকবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
তিনি সকল নির্বাচনী প্রার্থী ও অংশগ্রহণকারীদের সংযত আচরণ করার আহবান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের কাছে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। মাওলানা ফারুক বলেন, “ভালো কিছু পেতে হলে আমাদের সবাইকে সহনশীল ও সংযমী হতে হবে। অন্যথায় যে কোনো সুন্দর আয়োজন ব্যর্থ হতে পারে।”
এছাড়া, তিনি দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন যে, এই নির্বাচন দেশের শিক্ষাজগতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
বার্তা প্রেরক:
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
