- বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মনযূর আহমদ সালিম। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ এবং সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।
বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে দাওয়াতি কার্যক্রমের কৌশল ও কর্মপন্থা, দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক ভূমিকা, সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ছাত্র জমিয়তের নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশিক্ষকদের কাছে দিকনির্দেশনা চান। কর্মশালায় সেরা তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া ছাত্র জমিয়তের নিবেদিত কর্মী রিহাদ চৌধুরীর প্রবাস যাত্রা উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
কর্মশালায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্র জমিয়তের সভাপতি জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব, সমাজসেবা সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আবুল হাসনাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক আফজল হোসাইন, দফতর সম্পাদক মো. আরাফাত হোসেনসহ কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ খালেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ মাহফুজ এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন ও পৌর শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ছাত্র জমিয়তের সাংগঠনিক কাঠামোকে সুসংহত করবে এবং তরুণদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াবে।
