পটিয়ার শাইখুল হাদিস মাওলানা আহমদ উল্লাহ রহ. ইন্তেকাল : জমিয়তের গভীর শোক প্রকাশ
চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর :
চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম মাওলানা আহমদ উল্লাহ রহ. ইন্তেকাল করেছেন। রোববার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা আহমদ উল্লাহ রহ. দীর্ঘদিন ধরে জামিয়া ইসলামিয়া পটিয়ায় হাদিস, ফিকহ, তাযকিয়া ও তাকওয়ার পাঠদান করছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ছাত্র, অনুরাগী ও মুরিদ তাঁর কাছে ইলমে দ্বীন শিক্ষা লাভ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গভীর শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, “মাওলানা আহমদ উল্লাহ রহ. ছিলেন এ দেশের হকপন্থী আলেম সমাজের এক উজ্জ্বল বাতিঘর। তিনি আজীবন ইলমে দ্বীন, হাদিস, তাযকিয়া ও তাকওয়ার খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন খাঁটি দ্বীনদার আলেমকে হারালো।”
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-অনুরাগী ও মুরিদদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, “আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর অবদানকে কবুল করে আমাদের জন্য অনুকরণীয় করে রাখুন।”
উল্লেখ্য, মাওলানা আহমদ উল্লাহ রহ. চট্টগ্রাম ও দেশের অন্যান্য অঞ্চলে হাদিস শিক্ষাদান ও ইসলামী খেদমতে সক্রিয় ভূমিকা পালন করেন। আলেম সমাজ তাঁকে একজন নৈতিক, ন্যায়নিষ্ঠ ও প্রভাবশালী শিক্ষক হিসেবে বিবেচনা করতেন। তাঁর ইন্তেকালে ছাত্রসমাজ, আলেম, মুরিদ এবং ইসলামি সংগঠনগুলো গভীর শোকাহত।
