পশ্চিমবঙ্গের ইসলামী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত কারী ও হাফেজে কুরআন হাফেজ আব্দুল জব্বার সাহেব (নদীয়া) আজ শনিবার আনুমানিক দুপুর ২টার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে পশ্চিমবঙ্গসহ ভারত-বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাফেজ আব্দুল জব্বার সাহেব দীর্ঘদিন বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা, কালিকাপুর মাদ্রাসা ও খোসবাগ মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ইসলামী শিক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষত হিফজুল কুরআন শিক্ষায় তিনি ছিলেন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর তত্ত্বাবধানে অসংখ্য ছাত্র কুরআন হিফজ করে হাফেজে কুরআনের মর্যাদা অর্জন করেছেন।
ধর্মীয় অঙ্গনে তিনি শুধু শিক্ষকই ছিলেন না, বরং একজন নৈতিক আদর্শও ছিলেন। শুদ্ধ তিলাওয়াত, আকর্ষণীয় সুর, ও কুরআনের প্রতি গভীর অনুরাগের কারণে পশ্চিমবঙ্গের বহু স্থানে তিনি ক্বিরাতের আসরে সমাদৃত হয়েছেন। সমাজসেবামূলক কাজেও তাঁর ছিল সক্রিয় ভূমিকা।
মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “হাফেজ আব্দুল জব্বার সাহেব ছিলেন পশ্চিমবঙ্গের ইসলামী শিক্ষার এক আলোকবর্তিকা। তাঁর ইন্তেকালে আমরা এক মহান শিক্ষক ও গুণী আলেমকে হারালাম।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়ার আবেদন জানান।
এছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, ইসলামী সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দও শোক প্রকাশ করে মরহুমের অবদানের কথা স্মরণ করেছেন।
