পাঞ্জাবের একাধিক জেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দীন কাসেমী। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে তিনি গতকাল পাঞ্জাবের বিভিন্ন দুর্গত অঞ্চল পরিদর্শন করেন।
জমিয়ত সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে। জমিয়ত ইয়ুথ ক্লাবের একাধিক টিম ইতিমধ্যেই দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন দুর্গতদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, কাপড়, শিশু খাদ্য এবং ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে, সংগঠনের স্বেচ্ছাসেবীরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশ্রয়, স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তার বিষয়গুলোতেও নজর রাখছেন।
সংগঠনের মহাসচিব মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেন, “বন্যা দুর্গত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে আমরা সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। তাদের পুনর্বাসন এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পাঞ্জাবের একাধিক এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
