প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম
কুমিল্লা, ১২ সেপ্টেম্বর: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের যৌথ নির্বাহী বৈঠকে বক্তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পরিকল্পনাকে “অযৌক্তিক ও মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা” হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে তারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।
বক্তারা বলেন, “বহু বছর ধরে আমরা দাবি করে আসছি যে, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক থাকা উচিত। কিন্তু আমাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হচ্ছে। উল্টো শুনছি, সরকার প্রতিটি বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অনর্থক।”
বৈঠকে আরও উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ মুসলিম শিশুদের শিক্ষা দেওয়া বিদ্যালয়ে হিন্দু শিক্ষকরা ইসলামিক শিক্ষা প্রদান করছেন, যা লজ্জাজনক ও দুঃখজনক। বক্তারা পরিষ্কারভাবে জানান, “গানের শিক্ষক নয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ অবশ্যক। এটি জনগণের অধিকার এবং সময়ের দাবি।”
বৈঠকের সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মোতাহের হোসেন, এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ্জালাল ভূঁইয়া, মহানগর সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, সহ সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মকবুল ইলাহী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আনোয়ার, মাওলানা শিব্বির, মাওলানা আব্দুর রহমান আল মোজাফফর, এবং যুব সম্পাদক মাওলানা আনিস বিন আজিজ প্রমুখ।
