এইচ জে সেখ: নয়াদিল্লি: শুক্রবার রাজধানী দিল্লির জন্তরমন্তরে ফ্রেন্ডস অব ফিলিস্তিন এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে অংশ নেন। জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমী বলেন, আজ আমরা কেবল ফিলিস্তিনের ভূমিতে চলমান সংকট নিয়েই দাঁড়াইনি, বরং মানবতার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছি। গাজার মাটিতে ভেঙে পড়া হাসপাতাল-স্কুল, শিশুদের মৃত্যু ও মায়েদের আহাজারি গোটা মানবতার জন্য হাহাকার। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি স্পষ্ট গণহত্যা। ফিলিস্তিনের এই সংগ্রাম স্বাধীনতা ও অস্তিত্বের লড়াই।
ভারতীয়রা এইযন্ত্রণা গভীরভাবে অনুভব করে, কারণ আমরাও উপনিবেশবাদের বিরুদ্ধে লড়েছি। কিন্তু দুঃখজনক যে আমাদের সরকার জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও একই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে।
এতে ভারত আন্তর্জাতিক অঙ্গনে নৈতিক সঙ্কটে পড়ছে। তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমন অবস্থায় ভারত যদি ইসরায়েলকে অস্ত্র দেয়, তবে তা কোনোভাবেই নৈতিক বা আইনি মানদণ্ডে সঠিক নয়।
ফিলিস্তিনের স্বাধীনতা কেবল ফিলিস্তিনিদের নয়; এটি ন্যায়বিচার, মানবতা ও বিশ্বশান্তির দাবি। আজ আমরা যদি চুপ থাকি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
জামাতে ইসলামী হিন্দের দায়িত্বশীল নেতাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
