বরিশাল, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার):
বরিশাল টাউন হল চত্বরে আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশে সংখ্যানুপাতিক বা পি.আর. পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, এ ব্যবস্থা চালু হলে নির্বাচনে পেশিশক্তি ও অর্থবলের প্রভাব কমে যাবে এবং রাজনৈতিক সহিংসতা হ্রাস পাবে।
গণসমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম। সঞ্চালনায় ছিলেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে জাতীয় সংসদে সব নিবন্ধিত দল আনুপাতিক হারে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। এতে জাতীয় ও সামাজিক সমস্যা সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে এবং রাজনৈতিক অস্থিরতা কমে আসবে।
তিনি আরও দাবি করেন, পি.আর. পদ্ধতির মাধ্যমে দেশ স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশ্বের বহু দেশ এ পদ্ধতিতে সুফল পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশেও এ পদ্ধতি চালু করা সময়ের দাবি।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা নেছার উদ্দিন, বরিশাল-০১ আসনের প্রার্থী মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী ও মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফীসহ কেন্দ্রীয় শুরা সদস্যরা।
এছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা—ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আইনজীবী পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
প্রচার সচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পি.আর. পদ্ধতিতে নির্বাচনের দাবি দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এ দাবির পক্ষে জনগণের সমর্থন বাড়ছে।
