রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ববোধ করি। মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য শুধু বাংলাদেশেই নয়, গোটা উপমহাদেশেই অমূল্য।”
তিনি উল্লেখ করেন, শত বছরের প্রাচীন এ শিক্ষাব্যবস্থা যুগে যুগে আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সুশিক্ষার মাধ্যমে এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে আলিয়া মাদ্রাসার মতো আড়াইশো বছরের ঐতিহ্য সম্ভবত আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেই। এখান থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসসহ অসংখ্য আলেম-ওলামা বেরিয়ে গেছেন।
তিনি আরও বলেন, “উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা না থাকলে ইসলামের ঐতিহ্য, আদর্শ ও তমুদ্দিন কোনোভাবেই টিকে থাকত না। সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।”
মাদ্রাসা শিক্ষাকে ছোট করে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদ্রাসা হলো আলেম-ওলামা তৈরির কারখানা। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
