জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করেছে যে, অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রারত সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমা অতিক্রমকালে দখলদার ইসরাইলি বাহিনীর মাধ্যমে আটক করা হয়েছে। এই বর্বর ও বেআইনি কর্মকাণ্ড শুধু মানবিকতার প্রতি অবমাননা নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। এটি স্পষ্ট প্রমাণ করে যে এই অবৈধ রাষ্ট্র মানবতা, মানবাধিকার কিংবা বিশ্ববিবেক কোনো কিছুই মানে না।
তারা অবিলম্বে সুমুদ ফ্লোটিলায় থাকা মানবিক কর্মী ও সহায়তা জাহাজ মুক্তি দিতে এবং দখলদার ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। একইসাথে বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের সরকারগুলোকে এ ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ারও আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বিশ্ব মুসলিম উম্মাহ ও মানবতাবাদী মানুষদেরকে ফিলিস্তিনের মুক্তির আন্দোলনে সোচ্চার হওয়ার এবং এই অবরোধ ও দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
