এইচ জে সোখা, মালদা:
সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেবের নির্দেশে দেশজুড়ে সদস্য সংগ্রহ শেষে কমিটি গঠনের কাজ জোরকদমে শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে শাখা কমিটি গঠনের কাজ চলছে।
২২ আগস্ট ২০২৫, শুক্রবার মালদা জেলা জমিয়তে উলামার তত্ত্বাবধানে কালিয়াচক থানার অন্তর্গত শাহবাজপুরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন আনুষ্ঠানিকভাবে শাহবাজপুর শাখা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা জমিয়তে উলামার সভাপতি হাফেজ মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মোঃ মইদুল ইসলাম, নবগঠিত শাখা কমিটির সম্পাদক হাফেজ আইনুল হক। এছাড়াও হাফেজ আনোয়ার, হাফেজ কামাল, আজিজু রহমান প্রমুখ।
জমিয়ত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জমিয়তের মূল লক্ষ্য হলো দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা, পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সুরক্ষায় কাজ করে যাওয়া। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন শাখা কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
