নিজস্ব সংবাদদাতা:
ফিতনা-শকীলিয়াতের বিভ্রান্তি ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ আলেম-উলামা ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে আন্দোলনে নেমেছেন। জামিয়া মাদানিয়া সিবলপুর, পাটনা এবং রাবিতা মাদারিসে ইসলামিয়া আরাবিয়া বিহারের নেতৃত্বে এ আন্দোলন জোরদার হচ্ছে।
সংগঠনটির জেলা শাখা, মাদরাসা কর্তৃপক্ষ, ইমাম ও ইসলামী চিন্তাবিদগণ জানান—শকীল বিন হানিফের বিভ্রান্তিকর মতাদর্শ বহু এলাকায় ছড়িয়ে পড়েছে। এমনকি মাদরাসায় পড়ুয়া অনেক তরুণও এই ফিতনার ফাঁদে পড়ছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে আলেম ও ইমামদের দায়িত্ব বেড়ে গেছে—তারা যেন দৃঢ়তার সঙ্গে শকীলিয়াতের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালান।
রাবিতার সাধারণ সম্পাদক ও জামিয়া মাদানিয়ার শিক্ষক খালিদ আনোয়ারপুরনভী বলেন, অতীতে যেমন খতমে নবুয়ত রক্ষার জন্য কাদিয়ানিয়াতবিরোধী আন্দোলন চালানো হয়েছিল, তেমনি বর্তমানে শকীলিয়াত প্রতিরোধেও একযোগে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, “যারা খতমে নবুয়ত রক্ষা ও ফিতনা-শকীলিয়াত প্রতিরোধে কাজ করছেন, তাদের উৎসাহ দেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব।”
খালিদ আনোয়ারপুরনভী আরও বলেন, ইসলামি ইতিহাসে নবী করিম ﷺ স্বয়ং মুসাইলিমা কাযযাবের মতো মিথ্যা নবীর নাম উল্লেখ করে মানুষকে সতর্ক করেছিলেন। একইভাবে এখনকার ফিতনা মোকাবিলায়ও নামসহ সত্য প্রকাশ করাই সুন্নত।
উল্লেখ্য, রাবিতা মাদারিসে ইসলামিয়া আরাবিয়া বিহার, দারুল উলূম দেওবন্দের মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করছে। তারা বিশ্বাস করেন, এটি শুধু দুনিয়ার নয় আখেরাতেরও মূল্যবান সম্পদ।
আয়োজকরা বলেন, দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলেম-উলামারা বক্তৃতা, সেমিনার ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে শকীলিয়াতের অপসংস্কৃতি ও ভ্রান্ত চিন্তা থেকে মুসলমানদের সতর্ক করছেন।
