আপনজন: ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের হালদ্বানীর বনভুলপুরা এলাকায় ঘটে যাওয়া সহিংস ঘটনায় গ্রেফতার হওয়া দুই যুবক মুহাম্মদ নিজাম (পিতা: এবং মুহাম্মদ শারিক সিদ্দিকী-কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে নৈনিতাল হাইকোর্ট।
এই মামলার আইনি লড়াই পরিচালনা করেন সর্বভারতীয় জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে অ্যাডভোকেট বিকাশ কুমার গিলানি ও সাঈদ আহমদ। বিচারপতি পঙ্কজ প্রোহিত এবং বিচারপতি মনোজ কুমার তিওয়ারীর দ্বৈত বেঞ্চ এই রায় দেন। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে সেশন কোর্ট তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল, যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই দুই যুবকের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ, ইটপাটকেল ছোড়া, অগ্নিসংযোগ, অবৈধ অস্ত্র রাখা এবং পেট্রোল বোমা নিক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এমনকি তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ধারাও প্রয়োগ করা হয়েছিল।
তবে আদালত জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই এবং সিসিটিভি ফুটেজ থেকেও প্রসিকিউশন তাঁদের পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আদালত আরও বলেছে, দুই যুবক দেড় বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁরা জামিনের অধিকারী।
আদালত এই রায়ে স্পষ্ট করেছে যে, এটি কেবল জামিন পর্যন্ত সীমাবদ্ধ এবং মামলার চূড়ান্ত ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, আইনজীবীদের পরিশ্রম এবং সংগঠনের কর্মীদের প্রচেষ্টা প্রশংসনীয়।
