মাওলানা মুশতাকের পরিবারকে দেখতে গিয়ে উবায়দুল্লাহ ফারুকের আহ্বান — “বিচারের দাবিতে আন্দোলন করুন, কিন্তু জনভোগান্তি নয়”
সুনামগঞ্জ:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, “মাওলানা মুশতাক মজলুম। তিনি জান্নাতি বলে আমরা আশাবাদী। তাঁকে লক্ষ্য বানিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়।”
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহসভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আল্লামা ফারুক বলেন, “আপনারা একজন মাওলানা মুশতাকের বিচার চাইতে গিয়ে হাজার হাজার মানুষকে কষ্ট দিবেন কেন? পার্থিবভাবে কিছু ফায়দা থাকতে পারে কিন্তু আখেরাতের জবাবদিহিতাকে মাথায় রাখতে হবে। ব্যারিকেড বা অবরোধের কারণে কোনো গরিব পরিবারের ছেলে যদি ফ্লাইট ধরতে না পারে, তার পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। এসব যেন আর না হয়।”
তিনি আরও বলেন, “জীবনে দুস্ত, দুশমন— সবার সাথে হুসনে আখলাক বা সদ্ব্যবহার করবেন। কাউকে দূরে ঠেলে দেবেন না। বিচারের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু তা যেন জনগণের কষ্টের কারণ না হয়। প্রশাসনকে চাপে রাখুন, তাদের সহযোগিতা করুন। আপনাদের দায়িত্ব চেষ্টা চালিয়ে যাওয়া। কেউ যদি টাকার লোভে উল্টো চলে যায়, যাক— কিন্তু আপনারা যেন কোনো অনিয়ম বা সমস্যার কারণ না হন।”
এ সময় তিনি জোর দিয়ে বলেন, “মাওলানা মুশতাক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা তাঁর প্রতি দোয়া করি আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। তার পরিবারের পাশে আমরা সবসময় আছি।”
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ মৃত্যুর পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আন্দোলন করছে।
