সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রয়েল কোর্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুরকি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শেখ আবদুল আজিজ আল শাইখ ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সৌদি আরবের সামাজিক ও ধর্মীয় নীতি নির্ধারণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, শেখ আবদুল আজিজ আল শাইখ ১৯৮১ সাল থেকে টানা তিন দশকেরও বেশি সময় হজের খুতবা প্রদান করেছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে এ দায়িত্ব থেকে অবসর নেন।
তাঁর মৃত্যুতে দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ, আলেম সমাজ ও বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
