জাকির সেখ: সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের ভরতপুর ব্লক জমিয়তে উলামার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার প্রায় ৪৫০টি পরিবারে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, চা-পাতা, সরিষার তেলসহ মোট ১৩ প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
ভরতপুর ব্লক জমিয়তে উলামার কর্মীরা নিজেরাই দুর্গত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোর হাতে এই ত্রাণ তুলে দেন।
এর আগে গত সপ্তাহেই সংগঠনের পক্ষ থেকে ৪০০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছিল। আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ভরতপুর ব্লক জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ ইউসুফ খন্দকার।
তিনি জানান মানবিক দায়িত্ব থেকে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি ত্রাণসামগ্রী ইতিমধ্যেই বণ্টন করা হয়েছে। সামনের দিনগুলোতেও এই কাজ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তাঁদের বক্তব্য এই কঠিন সময়ে জমিয়তের সাহায্য সত্যিই বড় ভরসা হয়ে উঠেছে।
